গড়ফায় অগ্নিকাণ্ডে মৃত প্রৌঢ়া 

0
185
ছবি সৌজন্যে : নিজস্ব

ঘুমের মধ্যে বাড়িতে আগুন লেগে প্রৌঢ়ার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কলকাতার গড়ফায়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা বেবি মণ্ডল। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ গড়ফা এলাকার কালীতলা রোডের ওই বাড়িতে আগুন আগে।

আগুন লাগার ঘটনা জানাজানি হতেই ছড়ায় আতঙ্ক। দ্রুত খবর দেওয়া হলে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বেবি মণ্ডল নামে মহিলা ওই বাড়িতে একাই ছিলেন। আগুন লাগার পরেও বাড়ির ভিতর থেকে তাঁর কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়তে থাকে। গড়ফা থানার পুলিশও ঘটনাস্থলে যায়। রাত দুটোর পরে ওই আগুন নিয়ন্ত্রণে এলে দমকল বাহিনীর কর্মীরা ওই বাড়ির ভিতর ঢোকেন। একতলার ঘরের ভিতর থেকে বছর ৬৫-এর ওই মহিলাকে উদ্ধার করা হয়।

দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।