
বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়-কে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ মে পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে।
বুধবার গর্গকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন সরকার পক্ষের আইনজীবী। গর্গ সেই অভিযোগ অস্বীকার করেছেন। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার গর্গকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার সেল। বুধবার আদালতে তাঁর পাঁচ দিনের হেফাজত চায় পুলিশ।
পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন গর্গ। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক গর্গের চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।








