হরমুজ পেরিয়ে ভারতে গ্যাসবাহী জাহাজ

0
47
ছবি সৌজন্যে : এক্স

যুদ্ধের আবহে হরমুজ প্রণালী কার্যত বন্ধ,সেই অচলাবস্থার মধ্যেই ভারতের দু’টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। সোমবার গুজরাট উপকূলে পৌঁছেছে গ্যাসবাহী জাহাজ শিবালিক।

বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ভারতীয় কূটনীতির জোরেই হরমুজ প্রণালীতে ছাড়পত্র পেয়েছে ভারতের জাহাজ। তার বিনিময়ে ইরানকে কোনও বাড়তি সুবিধা দেওয়া হয়নি। বিদেশমন্ত্রী বলছেন, ভারতের কূটনীতির জোরেই হরমুজে চলাচলের অনুমতি পেয়েছে দুই জাহাজ। উল্লেখ্য যুদ্ধ পরিস্থিতিতে একাধিকবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন জয়শংকর। এক সাক্ষাৎকারে জয়শংকর বলেছেন, এখনও ওঁদের সঙ্গে কথা বলছেন। আলোচনার কিছুটা ফল মিলেছে। ভারতের যা পরিস্থিতি তাতে উচিত পুরো বিষয়টি যুক্তি দিয়ে বিচার করা, আলোচনা করা এবং সমস্যার সমাধান খুঁজে বের করা।একইসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শংকর মনে করিয়ে দিয়েছেন, ভারতমুখী বহু জাহাজ এখনও হরমুজ এলাকায় আটকে রয়েছে। উল্লেখ্য,২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন,হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান।

তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ছাড়পত্র দিয়েছে ইরান। ভারতমুখী দুই গ্যাসবাহী জাহাজ শিবালিক এবং নন্দা দেবী শনিবার হরমুজ প্রণালী পার করেছে। সোমবার এলপিজি বোঝাই শিবালিক এসে পৌঁছেছে গুজরাটের মুন্দ্রা বন্দরে। ফলে দেশব্যাপী গ্যাসের সংকট কিছুটা কমতে পারে বলেই অনুমান।