
মহারাষ্ট্রের রেললাইনে গ্যাস সিলিন্ডার রেখে সেকেন্দরাবাদ-পুণে এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টায় শোরগোল পড়ে গিয়েছে।তবে লোকো পাইলটের নজরে পড়তেই আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন।
জানা গিয়েছে, পুণের উরুলি কাঞ্চনের কাছে ট্রেনটি ট্র্যাক বদলানোর সময় চালক একটি এলপিজি সিলিন্ডার পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দেন। ট্রেনের গতি কম থাকার কারণে চালকের নজরে পড়েছিল গ্যাস সিলিন্ডারটি, ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। চালক সঙ্গে সঙ্গে উরুলি কাঞ্চন স্টেশনে বিষয়টি জানান। খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেলপুলিশ। তারা বিষয়টি খতিয়ে দেখে। জানা গিয়েছে, সিলিন্ডারটি গ্যাসভর্তি ছিল। ট্রেনের সঙ্গে সেটির ধাক্কা লাগলে বিস্ফোরণ ঘটতে পারত। কিন্তু তার আগেই চালকের তৎপরতায় সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলের এক কর্তা জানিয়েছেন। অজ্ঞাতপরিচয়ের নামে একটি মামলা দায়ের করা হয়েছে উরুলি থানায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ট্রেন আসার কয়েক মিনিট আগেই ওই গ্যাস সিলিন্ডার রেললাইনে ফেলে রাখা হয়েছিল। উরুলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্কর পাটিল জানিয়েছেন, নাশকতার পরিকল্পনা করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে।
তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
