
ওয়েবকুপার সভাপতি, ডিন, একাধিক অধ্যাপকের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ ঘিরে তুলকালাম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের অভিযোগ এক ধাক্কায় ভর্তি এবং পরীক্ষার ফি দ্বিগুণ করা হয়েছে।
আর্টস, সায়েন্স সব বিভাগেই ভর্তি এবং পরীক্ষার ফি দ্বিগুণ করা হয়েছে। দুমাস আগে রেজিস্টার তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভর্তি ফি বাড়ানো হবে না। কিন্তু হঠাৎ করে নোটিস জারি করে ভর্তি ফি বাড়ানোর কথা জানানো হয়েছে। তাতেই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। অভিযোগ এরপরেই বহিরাগতরা চড়াও হন। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে।
ছাত্রছাত্রীদের অভিযোগ এর পিছনে বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন অধ্যাপক, ডিনের মদত রয়েছে। এরপরেই ইংরেজবাজার থানায় ওয়েবকুপার সভাপতি, ডিন, একাধিক অধ্যাপক, তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।








