
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই সোমবার বিচারপতি সূর্যকান্তকে তাঁর উত্তরসূরি হিসাবে সুপারিশ করেছেন। বিচারপতি সূর্যকান্ত শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতি।
আগামী ২৩ নভেম্বর দেশের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিচ্ছেন বি আর গাভাই। তার আগে প্রথা মেনে কেন্দ্রীয় সরকারের কাছে নিজের উত্তরসূরির নাম প্রস্তাব আকারে পাঠিয়েছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৪ নভেম্বর দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন সূর্যকান্ত।
দেশের প্রধান বিচারপতি হিসাবে তাঁর কার্যকালের মেয়াদ থাকবে এক বছরের কিছু বেশি সময়। ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন তিনি। দেশের বর্তমান প্রধান বিচারপতি গাভাই দায়িত্ব গ্রহণ করেন গত ১৪ মে। প্রায় ছ’মাস দায়িত্ব পালনের পরে আগামী নভেম্বরে অবসর নিচ্ছেন তিনি। তাঁর অবসরের পরে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বে আসার কথা বিচারপতি কান্তের।
