
গাজা শহর খালি করে দেওয়ার জন্য ফের হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। সাধারণ প্যালেস্টাইনিদের গাজা শহর ছেড়ে ভূখণ্ডের দক্ষিণ প্রান্তে সরে যাওয়ার জন্য শেষ সুযোগ দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন।
এর পরেও যাঁরা গাজা শহরে থেকে যাবেন, তাঁদের জঙ্গি এবং সন্ত্রাসের সমর্থক বলে ধরে নেওয়া হবে বলে জানিয়েছে তেল আভিভ। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজরায়েলের ধারাবাহিক হামলায় করুণ পরিণতি হয়েছে সাধারণ গাজাবাসীদের। আকাশপথে তো হামলা চলছিলই, গত প্রায় এক মাস ধরে গাজা শহরে প্রবেশ করতে শুরু করেছে ইজরায়েলি সেনা। গাজা ভূখণ্ডে প্রায় দু’বছর ধরে চলতে থাকা এই সংঘর্ষ বন্ধ করতে উদ্যত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
শান্তি সমঝোতায় রাজি হওয়ার জন্য হামাসকে হুমকিও দিয়ে রেখেছেন তিনি। এ অবস্থায় গাজা শহরকে আরও বেশি করে ঘিরতে শুরু করেছে ইজরায়েলি বাহিনী।








