
অপরিচিত শহর কিংবা ব্যস্ত সড়কে চলাচলের সময় গন্তব্য খুঁজে পেতে ইউজারদের আর বারবার ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে হবে না।
সাইকেল আরোহী ও পথচারীদের নিরাপত্তা এবং ব্যবহার অভিজ্ঞতা উন্নত করতে গুগল ম্যাপসে যুক্ত হয়েছে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক,এআই, নতুন নেভিগেশন সুবিধা।গুগলের নতুন এই ফিচারের মাধ্যমে হাঁটা বা সাইকেল চালানোর সময় ইউজাররা ভয়েস কমান্ড ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। ফলে চলাচলের সময় ফোন হাতে নেওয়ার প্রয়োজন কমবে।নতুন আপডেটে হাঁটার সময় গুগল ম্যাপস শুধু দিকনির্দেশ নয়, জেমিনি এআই ব্যবহার করে ব্যক্তিগত ট্যুর গাইডের মতো কাজ করবে। ইউজাররা ফোন পকেটে রেখেই ভয়েস কমান্ডের মাধ্যমে নিজের বর্তমান অবস্থান, আশপাশের রেস্তোরাঁ কিংবা দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য জানতে পারবেন। রিয়েল-টাইম ডাটা ব্যবহার করে জেমিনি আশপাশের গুরুত্বপূর্ণ স্থানের তথ্যও জানাবে।সেইসঙ্গে সাইকেল চালানোর সময় হ্যান্ডেলবার থেকে হাত না সরিয়েই জেমিনির সহায়তা নেওয়া যাবে।গন্তব্যে পৌঁছাতে আনুমানিক সময়, পরবর্তী মিটিংয়ের সময়সূচি কিংবা দেরি হলে পরিচিতদের জানানো,সবই করা যাবে কণ্ঠের নির্দেশে। এর জন্যে,গুগল ম্যাপসের নেভিগেশন মোডে একটি নীল রঙের জেমিনি আইকনের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া হেই গুগল কমান্ড দিয়েও জেমিনিকে সক্রিয় করা যাবে।
অ্যান্ড্রয়েড ও আইওএস,উভয় প্ল্যাটফর্মেই ধাপে ধাপে বিশ্বব্যাপী এই ফিচার চালু করা হচ্ছে।





