
ফ্রান্সের রিসোর্ট শহর এভিয়ান-লেস-বাঁ-তে শুরু হতে যাওয়া জি-৭-এর শীর্ষ সম্মেলনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্শ্ববর্তী সুইজারল্যান্ডের জেনেভা শহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা সোমবার থেকে তিন দিনের এই সম্মেলনে যোগ দেবেন।
এর একদিন আগে হাজার হাজার বিক্ষোভকারী জেনেভার রাস্তায় নেমে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।জেনেভার রাষ্ট্রসংঘ, ইউএন ভবনের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল,পাথর ও আতশবাজি ছুঁড়ে মারে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা রাষ্ট্রসংঘের টেলিকমিউনিকেশন ভবনের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় এবং পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ফ্লেয়ার ছুঁড়ে। উল্লেখ্য, জি-৭ বিরোধী একটি জোটের ডাকে হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে ইভিয়ান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জেনেভায় হাজার হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।
জানা গেছে, ফ্রান্সে জি৭ বিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও প্রায় ২০ হাজার মানুষ একটি মিছিলে অংশ নিতে জড়ো হয়। মিছিলটি শুরুতে শান্তিপূর্ণ ছিল, তবে পরে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। কিছু বিক্ষোভকারী দোকানের সামনে সুরক্ষার জন্য লাগানো প্লাইউডের প্যানেল খুলে ফেলে ও জানালা ভাঙচুর করে। এদিকে জি-৭ শীর্ষ সম্মেলনের ভেন্যুর কাছে বিক্ষোভের অনুমতি দিতে ফ্রান্স অস্বীকৃতি জানানোয় জেনেভায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল বলে জেনেভা নগর সরকার জানিয়েছে।
