
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জেনেভায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকটি নির্ধারিত দু’ ঘণ্টার বদলে প্রায় তিন ঘণ্টা স্থায়ী হলেও, আলোচনা শেষে দু’ পক্ষের মধ্যে বিশেষ কোনো অগ্রগতি দেখা যায়নি।বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাংবাদিকদের উদ্দেশে একটি লিখিত বিবৃতি পাঠ করেছেন।
সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের হামলা যত দিন চলবে, তত দিন কোনো ধরনের চুক্তির পরিবেশ তৈরি হবে না। তার বক্তব্যে ইরানের কঠোর অবস্থানেরই প্রতিফলন ঘটেছে। এরপর তিনি বলেছেন, খুব শিগগিরই ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে আবারও আলোচনায় বসার সুযোগ মিলবে। অন্যদিকে,ইউরোপীয় পক্ষের হয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বৈঠক শেষে বলেছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং ইরানকে, আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য তিনি জোরালো পরামর্শ দিয়েছেন।তিনি বলেছেন, ইউরোপ আলোচনার পথ সহজ করতে প্রস্তুত এবং তারা চায় যেন এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হয়। তবে ল্যামি স্পষ্ট করে দিয়েছেন, ইউরোপের অবস্থান আমেরিকার মতোই,ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একেবারে বন্ধ করতে হবে।এ বিষয়টি ইরানের জন্য বহুদিন ধরেই একটি রেড লাইন হিসেবে চিহ্নিত।
তবে তিনি আশ্বস্ত করেছেন, ইউরোপ, ইরানের জ্বালানি চাহিদা মেটাতে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। ইউরোপীয় প্রতিনিধিদের বক্তব্য থেকে স্পষ্ট, তারা আমেরিকা ও ইরানের মধ্যকার সম্ভাব্য সামরিক সংঘাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া দু’ সপ্তাহের কূটনৈতিক সময়সীমাকেও তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।







