
গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে নেশন্স লিগের সেমি-ফাইনালে পাচ্ছে না জার্মানি। নিয়মিতদের অনুপস্থিতিতে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্ট্রাইকার নিক ভয়টেমাডে ও মিডফিল্ডার টম বিশফ।ফাইনালে ওঠার লড়াইয়ে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ৪ জুন পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।
ক্রিস্তিয়ানো রোনালদোর দলের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।স্টুটগার্টের হয়ে চলতি সিজনে ভালো খেলছেন ২৩ বছর বয়সী ভয়টেমাডে।সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ১৬ গোল করার পাশাপাশি তিনটি করেছেন অ্যাসিস্ট। শনিবার অনুষ্ঠেয় জার্মান কাপের ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।১৯ বছর বয়সী বিশফ হফেনহেইমের জার্সিতে চলতি সিজনে ৪১ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। সতীর্থের ৩ গোলে রেখেছেন অবদান।
সম্ভাবনাময় এই ফুটবলারকে চার বছরের চুক্তিকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে কেবলই আর্সেনালের জার্সিতে মাঠে ফেরা ফরোয়ার্ড কাই হাভার্টজকে দলে রাখেননি নাগেলসমান। চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা, অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার, ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট ও ডিফেন্ডার নিকো শ্লটারবেক।








