সরে দাঁড়ালেন ইতালির ফুটবল প্রধান

0
44
ছবি সৌজন্যে : এক্স

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তিনবার বিশ্বকাপে উঠতে ব্যর্থ। বিস্ময়কর মনে হলেও এটিই এখন বাস্তব। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয় অঞ্চলের প্লে অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ইতালির। ইতালিয়ান ফুটবলের এমন অধঃপতনের দায় কিছুটা হলেও দেশটির ফুটবল প্রধানের কাঁধে এসে পড়েছে।

সেই দায় মাথায় নিয়েই পদত্যাগ করলেন গ্যাব্রিয়েল গ্রাভিনা। ৭২ বছর বয়সী এই ক্রীড়া পরিচালক ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ,এফআইজিসি এই ঘোষণা দিয়েছেন। খবরে বলা হয়েছে, রাজধানী রোমে ফেডারেশনের সদর দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা, সিরি আ, সিরি বি লিগা প্রো এবং খেলোয়াড় ও কোচদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন গ্রাভিনা। সেখানেই তিনি পদত্যাগের ঘোষণা করেন।গ্রাভিনা সরে দাঁড়ানোয় ইতালি জাতীয় দলের প্রধান কোচ জেনারো গাত্তুসোও বরখাস্ত হতে পারেন। ২০০৬ বিশ্বকাপ জয়ী গাত্তুসোকে গ্রাভিনাই কোচের দায়িত্বে এনেছিলেন।

এফআইজিসি জানিয়েছে, ২২ জুন নতুন সভাপতি নির্বাচন করা হবে। শোনা যাচ্ছে, পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন জিওভানি মালাগো।তিনি লম্বা সময় ইতালিয়ান অলিম্পিক কমিটির প্রধান ছিলেন। ইতালিতে অনুষ্ঠিত শেষ শীতকালীন অলিম্পিকেও সভাপতির দায়িত্ব পালন করেছেন।