
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজ করলেও, পশ্চিমবঙ্গের মানুষকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফুলিয়ায় হ্যান্ডলুম টেকনোলজি স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং।
তিনি আরও বলেছেন, জুটের বিভিন্ন রকম জিনিস তৈরি করে জার্মানের বাজারে ব্যবস্থা করেছে কেন্দ্র। একসময় টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে পশ্চিমবঙ্গের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলে জানা যেত। কিন্তু পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্টের শাসনকাল ও পরবর্তীতে তৃণমূল সরকারের শাসনকালেও পশ্চিমবঙ্গের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে। তিনি বলেছেন, তাঁত শিল্পকে রক্ষা করতে এবং এর প্রযুক্তিগত জনবলের প্রয়োজনীয়তা মেটাতে ভারত সরকার ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই সকল প্রতিষ্ঠান বস্ত্র মন্ত্রকের উন্নয়ন কমিশনারের প্রশাসনিক নিয়ন্ত্রণে কাজ করছে।
কম্পিউটার ল্যাব, স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল লাইব্রেরির মতো আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত নতুন ভবনে শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ।




