
মহারাষ্ট্রের থানের পর এবার মুম্বইয়ের একটি বেসরকারি স্কুলে এক পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এক ক্যান্টিন কর্মীর বিরুদ্ধে।
অভিযোগ পেয়েই ওই কর্মীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পড়ুয়ার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন শ্রেণি শিক্ষক। ক্যান্টিনে যেতে না চাওয়ায় সন্দেহ হয় শিক্ষকের। কেন ক্যান্টিনে যেতে অনীহা এই প্রশ্ন করতেই পড়ুয়া গোটা ঘটনাটি শিক্ষকে জানায়। পড়ুয়ার কাছ থেকে সব বিষয় শোনার পর প্রিন্সিপালকে জানান শিক্ষক। তারপরই পড়ুয়ার অভিভাবকদের সঙ্গে স্কুল থেকে যোগাযোগ করা হয়। তারপর একটি অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষ।জানা গিয়েছে, বাইরের একটি সংস্থাকে ক্যান্টিন চালানোর দায়িত্ব দিয়েছিল স্কুল। পুলিশ সূত্রে খবর, মাস দুয়েক আগে ক্যান্টিনে কাজে যোগ দেন অভিযুক্ত। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।
