
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিয়ো ওসেগুয়েরা ওরফে এল মেঞ্চোকে ধরিয়ে দিয়েছেন তাঁরই প্রেমিকা! সেনা অভিযানের নেপথ্যকাহিনি প্রকাশ্যে আনলেন মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা।
তিনি জানিয়েছেন, তদন্তকারীরা এল মেঞ্চোর এক ঘনিষ্ঠ সঙ্গিনীর গতিবিধির উপর নজর রেখেছিলেন। ওই সঙ্গিনী কড়া নিরাপত্তায় মোড়া একটি জায়গা থেকে বেরোতেই তদন্তকারীরা মাদক সম্রাটে’র অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে যান।
তাঁকে ঘিরে থাকা রক্ষীরা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেনা পাল্টা গুলি চালাতে শুরু করলে এল মেঞ্চোকে নিয়ে নিকটবর্তী একটি জঙ্গলে টেনে নিয়ে যাওযার চেষ্টা করে ওই রক্ষীরা। পরে জঙ্গল থেকে এল মেঞ্চো এবং তাঁর কয়েক জন সঙ্গীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। হেলিকপ্টারে চাপিয়ে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মাঝপথেই মৃত্যু হয় প্রত্যেকের।







