
তাঁর নবম বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক সামাজিক–শিক্ষাগত প্রকল্পের ঘোষণা করেছেন। দেশের প্রতিটি জেলার জন্য এক একটি গার্লস হস্টেল, পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ, মেডিক্যাল ট্যুরিজম বাড়াতে আঞ্চলিক হাব,বাজেট ২০২৬–২৭-এ শিক্ষায় ও স্বাস্থ্যপরিকাঠামোয় বড়সড় রূপরেখা দিয়েছেন তিনি।
সঙ্গে থাকছে আয়ুষ ফার্মেসি আপগ্রেড, নতুন আয়ুষ হাসপাতাল ও ওষুধ পরীক্ষাগারের উন্নয়ন প্রকল্প।বাজেট ভাষণে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, বর্তমানে দেশে ৭০০–র বেশি জেলা। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার নিরাপত্তা ও অ্যাক্সেসিবিলিটি,দু’দিক থেকেই বড় পরিবর্তন আসবে বলে মত শিক্ষামহলের। অর্থমন্ত্রী জানিয়েছেন,বড় শিল্প ও পরিবহন করিডরগুলির পাশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ গড়ে তুলবে কেন্দ্র।উচ্চশিক্ষা, গবেষণা, স্কিল ডেভেলপমেন্ট— সব মিলিয়ে এই টাউনশিপগুলিই হবে ভবিষ্যতের জ্ঞান-অর্থনীতির কেন্দ্রবিন্দু।এই টাউনশিপগুলি তৈরি হলে বড় শিল্পাঞ্চলের চাহিদা অনুযায়ী স্কিলড মানবসম্পদ তৈরি করা সহজ হবে। একই সঙ্গে, আঞ্চলিকভাবে গবেষণা–উদ্ভাবন বাড়াতে বড় ভূমিকা নেবে এই প্রকল্প।
এছাড়াও দেশে বিকল্প চিকিৎসা ব্যবস্থার শক্তি বাড়াতে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ গড়ে তোলার। পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ–এর আরও একটি নতুন কেন্দ্রও গড়ে তোলা হবে। বলা হচ্ছে,স্বাস্থ্যশিক্ষা পরিকাঠামোয় এই বাড়তি বিনিয়োগ ভবিষ্যতের হেলথকেয়ার কর্মী–সংখ্যা ও দক্ষতা— দু’ দিকেই উন্নতি আনবে।








