
পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে অনেক দিন ধরেই নানা ভাবে বাঙালি আবেগকে হাতিয়ার করার চেষ্টা করে আসছেন নরেন্দ্র মোদী। এবার ভোটমুখী পশ্চিমবঙ্গের মানুষের সামনে সময় বেঁধে দিয়ে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লিখলেন, এবার বিজেপি সরকার। সুদীর্ঘ চিঠিতে লিখেছেন স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের নাম। এরপর এসেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও। চিঠিতে উল্লেখ, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগ পুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন, তা ভোটব্যাঙ্কের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এটা তাঁর কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরুর সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সারা দেশ চিন্তিত, লিখেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী লিখলেন, আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, রাজ্যবাসীর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। স্বপ্নের সোনার বাংলার আবালবৃদ্ধবনিতা চরম বঞ্চনার শিকার। তাঁদের যন্ত্রণায় তাঁর হৃদয়ও আজ ভারাক্রান্ত। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটিই সংকল্প গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প।
