
মানুষের ব্লাড ব্যাগে পশুর রক্ত,চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে তেলেঙ্গানার হায়দরাবাদে। কাচিগুডা এলাকায় এক এক্সপোর্ট-ইমপোর্ট ফার্মে তল্লাশি অভিযান চলাকালীন দেখা গিয়েছে মুমূর্ষু রোগীদের জন্য বরাদ্দ ব্লাড ব্যাগে মজুত করা হয়েছে ছাগল-ভেড়ার রক্ত।
এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। খবর, গোপন খবরের ভিত্তিতে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হায়দরাবাদ পুলিশ ও রাজ্যড্রাগ কন্ট্রোল আধিকারিকদের সাহায্যে অভিযান চালানো হয় ওই ফার্মে। সেখানেই দেখা যায়, মানুষের ব্যবহারের জন্য নির্মিত ব্লাড ব্যাগ ভরে রয়েছে পশুর রক্তে। উদ্ধার হওয়া রক্তের পরিমাণ প্রায় হাজার লিটার।
পাশাপাশি সেখানে পাওয়া গিয়েছে রক্ত প্যাকেজ করার জন্য ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতি।তদন্তকারীরা সেখানে অভিযান চালিয়ে একটি অটোক্লেভ মেশিন, ল্যামিনার এয়ার ফ্লো ইউনিট,১১০টি ভর্তি রক্তের ব্যাগ এবং প্রায় ৬০টি খালি রক্তের ব্যাগ। তদন্তকারীদের অনুমান এগুলি অবৈধ ক্লিনিকাল ট্রায়াল, পরীক্ষা-নিরীক্ষা বা ল্যাব পরীক্ষার জন্য ব্যবহৃত হত। সংশ্লিষ্ট ওই ফার্মের মালিক বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
