
বিয়েবাড়িতে মহিলাদের হেনস্থার প্রতিবাদ করায় হরিয়ানার রোহতকে জাতীয় স্তরের এক বডিবিল্ডারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রোহিত ধনখড়, তিনি রোহতকের হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার ভিওয়ানিতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন রোহিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরযাত্রীর কয়েক জন কনেপক্ষের বাড়িতে এসে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুনে তিনি এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, উত্ত্যক্তকারী যুবকদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন রোহিত।
তা নিয়ে দু’পক্ষের মধ্যে সামান্য বচসা হয়। তার পর তাঁরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে গাড়িতে করে রোহিত এবং যতীন বাড়িতে ফিরছিলেন। সেই সময় পথে তাঁদের ঘিরে ধরেন ২০ জন যুবক। অভিযোগ, তার পরই রোহিতকে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা চলে গেলে যতীন ফিরে আসেন। তার পর রোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।








