
কেরলে জলের জন্য মাটি কাটার সময় বিপুল পরিমাণ সোনা, রুপো এবং প্রাচীন মুদ্রা উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে।ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুর জেলায়।
সূত্রের খবর, চাষের জন্য বৃষ্টির জল ধরে রাখতে গর্ত খুঁড়ছিলেন এক দল মহিলা শ্রমিক। সেই সময় তাঁরা একটি অদ্ভুত রকমের পাত্র মাটির নীচে দেখতে পান। ল্যান্ডমাইন ভেবে তাঁরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। খবর চাউর হতেই এলাকায় আতঙ্কও ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বম্ব স্কোয়াডও পৌঁছয়।কিন্তু যে পাত্রটিকে ল্যান্ডমাইন ভেবে ভ্রম হয়েছিল শ্রমিকদের বম্ব স্কোয়াডের কর্মীরা সেই পাত্রের ভিতর থেকেই সোনা, রুপো এবং প্রাচীন মুদ্রা উদ্ধার করেছেন। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে রয়েছে ১৩টি সোনার লকেট, ১৭টি মুক্তোর মালা, চারটি বড় সোনার নেকলেস, সোনার আংটি, কানের দুল এবং প্রচুর রুপোর কয়েন।এই সমস্ত জিনিস নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এরপর খবর যায় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কাছে। উদ্ধার হওয়া ধাতুগুলি তারা নিয়ে গিয়েছে।
