
সোনার দাম সোমবার প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলার অতিক্রম করেছে। আমেরিকায় আরো সুদহার কমতে পারে,এমন প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় সোনার দামও বেড়েছে।
একই সঙ্গে রুপোর দামও বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।সোনার বর্তমান বাজারমূল্য ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৩৯৭ দশমিক ১৬ ডলার। দিনের শুরুতে সোনার দাম সাময়িকভাবে ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে ৪ হাজার ৪০০ দশমিক ২৯ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়ে। অন্যদিকে, রুপোর বর্তমান বাজারমূল্য ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়, যা রুপোর ইতিহাসে সর্বোচ্চ দাম।
উল্লেখ্য,ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য আমেরিকায় লেনদেন হওয়া সোনার ভবিষ্যৎ চুক্তি সম্প্রতি ০ দশমিক ৯৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩০ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। আমেরিকায় লেনদেন হওয়া সোনার ভবিষ্যৎ চুক্তি, যেখানে ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট পরিমাণ সোনা, নির্দিষ্ট দামে এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট তারিখে কেনাবেচা করতে সম্মত হন।








