
হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
ফলে বরাতজোরে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, স্বর্ণব্যবসায়ীর নাম চন্দন কাঁড়ার। প্রতি দিনের মতো তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাত তখন সাড়ে ন’টা। চন্দনের সঙ্গে তখন একটি ব্যাগে সোনা, রুপোর গয়না এবং নগদ টাকা ছিল। দুষ্কৃতীরা আগে থেকেই অপেক্ষা করছিল। চন্দন দোকান বন্ধ করে বাইকে উঠতে যাবেন, এমন সময় দুষ্কৃতীরা তাঁকে এসে ঘিরে ধরে। তার সংখ্যায় পাঁচ জন ছিল বলে জানা গিয়েছে।
চন্দনের কাছ থেকে গয়নাভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। চন্দনও দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেন বাইক নিয়ে। কিন্তু ধরতে পারেননি। এর পরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ আসে।








