
ফের দেশবাসীর উদ্দেশ্যে অডিও বার্তা দিয়েছেন আওয়ামি লীগ নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের গোপালগঞ্জে অশান্তির পর গত বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। তার তিন দিনের মাথায় ফের অডিও বার্তা দিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইউনূসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায়।
আন্তর্জাতিক ভাবে নিষিদ্ধ যে সব জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেফতার করা হয়েছিল, ক্ষমতায় এসে তাদের সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে এক সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মুক্তচিন্তা, স্বাধীন ভাবে কথা বলা, স্বাধীন ভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে। নারীদের অধিকার, যুবসমাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
তাঁর কথায়, একদিনে ৯৩ জন আইনজীবী গ্রেফতার, এটা শেষ বার স্বাধীন বাংলাদেশে কবে ঘটেছে? ঘটেছে ইউনূসের আমলে। অথচ তিনি দাবি করেন, সবাই তাঁর সমালোচনা করতে পারেন, নির্ভয়ে কথা বলতে পারেন। কিন্তু এখন কেউ সমালোচনা করতে গেলেই জঙ্গি বাহিনী গিয়ে তাকে মারধর করে, নির্যাতন করে, ঘরবাড়ি পুড়িয়ে দেয়।








