
মাইক্রোসফ্ট এজের পর এবার গুগ্ল ক্রোমে সাইবার হামলা নিয়ে সতর্ক করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিইআরটি। একই সঙ্গে সাইবার হামলা থেকে বাঁচতে অ্যাডভাইসরি জারি করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সংস্থা।
সেখানে দ্রুত গুগ্ল ক্রোম আপডেট করতে বলা হয়েছে।সম্প্রতি গুগ্লের এই জনপ্রিয় ওয়েব ব্রাউজারের পুরনো ভার্সনে নিরাপত্তার ক্ষেত্রে একাধিক ফাঁকফোকর খুঁজে পায় সিইআরটি-ইন। মন্ত্রকে সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়তেই জারি হয়েছে অ্যাডভাইসরি। তাতে যারা ক্রোমের ১২৯.০.৬৬৬৮.৭০/.৭১. ভার্সনের আগের সংস্করণ ব্যবহার করছেন, তাদের ব্রাউজারটিকে অবিলম্বে আপডেট করতে বলা হয়েছে।সূত্রের খবর, মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে সিইআরটি-ইন জানিয়েছে, গুগ্ল ক্রোমের পুরনো ভার্সানের নিরাপত্তায় এতটাই গলদ রয়েছে যে, যখন-তখন এতে হ্যাকার হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হ্যাকারেরা স্বেচ্ছাচারী কোড কার্যকর করার মতো সমস্যা তৈরি করতে পারে বলেও সরকারের তরফে সতর্ক করা হয়েছে।








