
স্কেল এআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে এর সবচেয়ে বড় গ্রাহক গুগল। প্রতিদ্বন্দ্বী মেটা স্কেল এআইয়ের ৪৯ শতাংশ মালিকানা নেওয়ার খবর প্রকাশের পর কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে।স্কেল এআইকে ২০২৫ সালে প্রায় ২০ কোটি ডলার পরিশোধ করার পরিকল্পনা ছিল গুগলের, যার মাধ্যমে চ্যাটজিপিটি প্রতিদ্বন্দ্বী জেমিনাই এআই মডেলসহ নানা প্রযুক্তি উন্নয়নের জন্য হিউম্যান লেবেলড প্রশিক্ষণ ডেটা সংগ্রহ করা হতো।
তবে সূত্র বলছে, মেটার বিনিয়োগের খবর ছড়ানোর পর গুগল এরইমধ্যে স্কেল এআইয়ের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আলোচনা শুরু করেছে।৪৯ শতাংশ মালিকানা নেওয়ার পর স্কেল এআইয়ের মূল্য দাঁড়িয়েছে দু’ হাজার ন’শ কোটি ডলার, যেখানে এর আগের মূল্য ছিল এক হাজার চারশ কোটি।উল্লেখ্য,স্কেল এআইয়ের মূল আয় আসে বড় বড় জেনারেটিভ এআই ল্যাবগুলোর কাছ থেকে, যারা ইতিহাসবিদ ও বিজ্ঞানীদের মতো বিশেষজ্ঞদের মাধ্যমে লেবেল করা জটিল ডেটাসেট কিনে থাকে।এই কাজগুলো একটি একটি করে ১০০ ডলার পর্যন্ত মূল্যের হতে পারে।তবে এখন এই ল্যাবগুলো স্কেল এআই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
মাইক্রোসফট, ইলন মাস্কের এক্সএআই এবং এমনকি ওপেনএআইও তাদের সম্পর্ক ছিন্ন বা সীমিত করেছে। যদিও ওপেনএআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানাচ্ছেন, স্কেল এআই তাদের অনেক ডেটা ভেন্ডরের একটি হিসেবে থাকছে।টেক জায়ান্টগুলো আশঙ্কা করছে, স্কেল এআইয়ের সঙ্গে কাজ করলে তাদের গবেষণা রোডম্যাপ, প্রোটোটাইপ এবং গোপন তথ্য মেটার কাছে পৌঁছে যেতে পারে। কারণ, এখন মেটা স্কেল এআইয়ের একটি বড় অংশের মালিক।
