
ব্রিটেনের সার্চ সিস্টেমে পরিবর্তন আনতে বাধ্য হতে পারে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। ব্রিটেনের প্রতিযোগিতা পর্যবেক্ষক ও নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে,বিভিন্ন কোম্পানির মধ্যে আরও বেশি প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করতে ব্রিটেনে কোম্পানিটির বিভিন্ন সার্চ পরিষেবায় পরিবর্তন আনতে বাধ্য করা হতে পারে গুগলকে।
নতুন এক আইনের আওতায় আমেরিকার প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত করছে ব্রিটেনের কম্পিটিশিন অ্যান্ড মার্কেটস অথরিটি বা সিএমএ।আইনে বলা হয়েছে, বড় কোম্পানি যদি নির্দিষ্ট কোনও বাজারে একচেটিয়া আধিপত্য বা খুব বেশি নিয়ন্ত্রণ রাখে বলে প্রমাণ মেলে তবে সেই কোম্পানিকে তাদের নিয়ম পরিবর্তনে বাধ্য করতে পারে সরকার বা নিয়ন্ত্রক সংস্থা। উল্লেখ্য,ব্রিটেনে ৯০ শতাংশেরও বেশি অনলাইন সার্চ করা হয় গুগলের মাধ্যমে। একইসঙ্গে প্রায় ২ লাখ ব্যবসা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কাছে পৌঁছাতে গুগলের সার্চ বিজ্ঞাপন ব্যবহার করে।
সিএমএ বলেছে, তারা এখনই গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতা বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলছে না। তবে তারা একটি রোডম্যাপ বা পরিবর্তনের প্রস্তাবনা তৈরি করেছে, যেখানে গুগলকে তাদের ব্যবসায় কী কী পরিবর্তন আনতে হতে পারে তার উল্লেখ রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অক্টোবরে।
