
কুখ্যাত হ্যাকারদের একটি দল বিশাল সংখ্যার ডেটাবেস বা তথ্যভাণ্ডারে প্রবেশের পর জিমেল ইউজারদের টার্গেট করছে বলে সম্প্রতি সতর্ক করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
এসব হ্যাকাররা জিমেল অ্যাকাউন্ট ইউজারদের তথ্য চুরি বা ক্ষতির উদ্দেশ্যে সাইবার আক্রমণ চালাতে পারে বলে উল্লেখ করেছে প্রযুক্তি কোম্পানিটি।এসব সাইবার হামলার সূত্রপাত হয়েছে সেলসফোর্স-এর ক্লাউড প্ল্যাটফর্মে ঘটে যাওয়া এক সাইবার আক্রমণ থেকে। যার ফলে গুগল পরিষেবার ইউজাররা আরও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন।উল্লেখ্য প্রায় দু’শো ৫০ কোটি মানুষ জিমেল ও গুগল ক্লাউড ব্যবহার করেন। ফলে ইউজারদেরকে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে গুগল।নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে উপযোগী পদক্ষেপ গ্রহণ, বিশেষ করে টু স্টেপ ভেরিফিকেশন চালু, পাসওয়ার্ড পরিবর্তন ও অচেনা লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছে কোম্পানিটি।জুনে প্রথমবারের মতো এ সাইবার আক্রমণের বিষয়ে সতর্ক করেছিল গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ, যেখানে তারা বলেছিল, সোশাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে আইটি কর্মীদের ছদ্মবেশ ধরে মানুষকে টার্গেট করছে সাইবার হামলাকারীরা।অগাস্টে গুগল নিশ্চিত করেছে, কিছু ক্ষেত্রে পাসওয়ার্ড চুরি হওয়ার কারণে বেশ কয়েকটি অ্যাকাউন্টে সফল অনুপ্রবেশ করতে পেরেছে হ্যাকাররা।
এই ডেটা লঙ্ঘনের মাধ্যমে এমন তথ্য ফাঁস হয়েছে, যা ছিল মৌলিক ও প্রধানত সবার জন্যই মেলে এমন ব্যবসায়িক তথ্য, তবে এসব তথ্য আরও গুরুতর সাইবার আক্রমণ চালানোর জন্য ব্যবহার করা হচ্ছিল।
