
গুগল ডিপমাইন্ডের তৈরি চ্যাটবট এআই জেমিনি ডিপ থিংক চলতি মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রশ্নের সমাধান করে স্বর্ণপদকের মান অর্জন করেছে। কোন মানুষের হস্তক্ষেপ ছাড়াই ইংরেজিতে লেখা প্রশ্ন পড়ে এবং বুঝে ছ’টির মধ্যে পাঁচটি সমস্যা সমাধান করে এটি মানুষের মতো পারফরম্যান্স দেখিয়েছে।
গুগল জানিয়েছে,এটি কোনো কোডিং নয়, বরং সাধারণ ভাষায় চিন্তা করে সমাধান দেয়, এটাই প্রথমবারের মতো কোনো চ্যাটবটের এমন অর্জন।এর আগে এআই সিস্টেমগুলোতে প্রশ্নগুলোকে বিশেষ প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করতে হতো। গুগলের এই নতুন এআই সেই সীমা পেরিয়ে গেছে। এটি ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের যুক্তিভিত্তিক এআই সিস্টেম ভবিষ্যতে গণিত, বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ের জটিল গবেষণা অনেক দ্রুত এবং সহজ করে তুলতে পারে।
জানা গেছে গুগল ছাড়াও ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং চীনের ডিপসিকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এমন সিস্টেম নিয়ে কাজ করছে। তবে এই সাফল্যে গুগলের জেমিনি ডিপ থিংক এখন যুক্তিপূর্ণ ও মানবসদৃশ এআইয়ের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।এর আগেও কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছিল। তবে তাদের সীমাবদ্ধতা ছিল- প্রশ্নগুলোকে আগে বিশেষ কম্পিউটার ভাষায় অনুবাদ করতে হতো।
