গুগলের ডার্ক ওয়েব রিপোর্ট বন্ধ হচ্ছে

0
141
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

গুগল তাদের ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এটি আর ব্যবহার করা যাবে না। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফিচারটি বন্ধ হয়ে যাবে।

প্রায় দেড় বছর আগে চালু হয়েছিল এই সুবিধা।এর লক্ষ্য ছিল ইউজারের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে কি না,তা নজরদারিতে রাখা। ইমেইল ঠিকানা, ফোন নম্বর, নাম কিংবা সোশ্যাল সিকিউরিটি নম্বর,এসব তথ্য কোনো ডেটা লিক বা হ্যাকের ঘটনায় পাওয়া গেলে ইউজারকে জানানো হতো।অনেক ইউজারের কাছে ফিচারটি শুরুতে উপকারী মনে হয়েছিল।তবে সময়ের সঙ্গে সঙ্গে অসন্তোষ বাড়ে। গুগলের সাপোর্ট পেজে বলা হয়েছে, ইউজারদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, এই টুলটি ঝুঁকি শনাক্ত করলেও করণীয় বিষয়ে পরিষ্কার নির্দেশ দিত না।সোশ্যাল মিডিয়াতেও একই অভিযোগ উঠে আসে। বিশেষ করে রেডিটে অনেক ইউজার জানান, রিপোর্ট পাওয়ার পর আসলে কী করতে হবে, তা বোঝা যেত না।

বেশির ভাগ ক্ষেত্রে শুধু পাসওয়ার্ড বদলানো ছাড়া আর কোনো স্পষ্ট সমাধান পাওয়া যেত না।গুগল বলছে, এই কারণেই ফিচারটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন এমন নিরাপত্তা টুলে গুরুত্ব দিতে চায়, যেগুলো ইউজারদের জন্য আরও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপের নির্দেশ দেয়।