
জিমেলের পর এবার ক্রোম ব্রাউজারেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ছোঁয়া আনছে গুগল। ক্রোমের জন্য একগুচ্ছ নতুন ফিচার চালু ও আগামী কয়েক মাসের মধ্যে এতে আরও নতুন সুবিধা যোগ করছে মার্কিন সার্চ জায়ান্টটি।
চালু হওয়া এসব নতুন ফিচারের মধ্যে প্রথমটি হচ্ছে,সাইডবার। ক্রোমে জেমিনাই ইউজার সবার জন্যই ফিচারটি চালু করেছে গুগল।নতুন এ ইন্টারফেইসের মাধ্যমে জেমিনাইয়ের সঙ্গে চ্যাটিং করতে এবং বিভিন্ন ট্যাব পরিবর্তনের সময়ও আলাপ চালিয়ে যেতে পারবেন ইউজার। গুগল বলেছে, যারা একসঙ্গে অনেকগুলো কাজ করেন তাদের জন্য এ সাইডবারটি বেশ কার্যকর।পরীক্ষকরা এ সাইডবারটি বিভিন্ন কাজে ব্যবহার করছেন, যেমন অনেকগুলো ট্যাবে থাকা বিভিন্ন অপশনের মধ্যে তুলনা করা, ভিন্ন ভিন্ন সাইট থেকে পণ্যের রিভিউ বা মতামত সংক্ষেপে জানা, আপনার ব্যস্ততম ক্যালেন্ডার থেকেও কোনো ইভেন্টের জন্য সময় খুঁজে বের করার মতো কাজ। বলা হচ্ছে নতুন সাইডবারেই গুগলের দ্বিতীয় ফিচারটি ব্যবহারের সুযোগ মিলবে।জেমিনাই অ্যাপে সফল হওয়ার পর গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো ব্যানানা এখন সরাসরি ক্রোম ব্রাউজারে যোগ করেছে কোম্পানিটি।এখন জেমিনাই দিয়ে কোনো ছবি তৈরি করতে চাইলে ইউজারকে আর নতুন ট্যাব খুলতে হবে না। কোনো ছবি এডিটের জন্যও ফাইল ডাউনলোড বা আপলোডের ঝামেলা থাকছে না। যে কোনো ট্যাব খোলা থাকা অবস্থাতেই সাইডবার ব্যবহার করে ছবি তৈরি ও এডিট করা যাবে।ভবিষ্যতের কথা ভেবে গুগল তাদের জেমিনাই অ্যাপের পার্সোনাল ইন্টেলিজেন্স ফিচারটি আগামী কয়েক মাসের মধ্যে ক্রোমে যোগের পরিকল্পনা করছে।
এ বছরের জানুয়ারিতে জেমিনাই অ্যাপে প্রথম এসেছিল ফিচারটি।একবার ফিচারটি অ্যাড হয়ে গেলে জেমিনাইয়ের সঙ্গে ইউজারের করা আগের সব আলাপ বা চ্যাটিং মনে রাখতে পারবে ব্রাউজারটি। ফলে ইউজারের জন্য তাদের ব্যবহারের ধরন বুঝে আরও ব্যক্তিগত ও কার্যকর হয়ে উঠবে ক্রোম।
