গোপালগঞ্জ কাণ্ডে তদন্ত কমিটি, পরিস্থিতি শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

0
136
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে ও অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরি। প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেছেন।
বর্তমানের গোপালগঞ্জ শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। তবে এত বেশি হবে সেটা হয়তো ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীকে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিবৃতিতে এ কথা জানিয়েছেন। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে। পূর্ণাঙ্গ তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।