
ভুতুড়ে ভোটারদের আড়াল করতে আধার কার্ডের সঙ্গে এনআরসিকে জুড়ে দিতে চাইছে অসম সরকার। বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এনআরসি-র সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত অনুমোদনের পরেই বিতর্ক ছড়িয়েছে অসমে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল বিজেপি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। শুক্রবার লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা তথা অসম থেকে নির্বাচিত সাংসদ গৌরব গগৈ বলেছেন, জাল কার্ডের মাধ্যমে ভুতুড়ে ভোটারদের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে। সরকারের টাকা লুট হচ্ছে অসমে। আর তা আড়াল করতেই এখন নতুন করে আধারের সঙ্গে এনআরসিকে জুড়ে দিতে চাইছে হিমন্ত বিশ্বশর্মার সরকার। বাংলাদেশের পরিস্থিতির মধ্যে অসম সরকারের এই তৎপরতা নতুন অশান্তির অনুঘটক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অসম কংগ্রেস। অন্যদিকে, অসমের তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব নিজের রাজ্যকে পুঁজিপতিদের কব্জায় থাকা দেশ বলেছেন।এক্স পোস্টে তিনি জানিয়েছেন, ভারতের রেজিস্ট্রার জেনারেল এখনও এনআরসি নিয়ে বিজ্ঞপ্তি দেননি। এমনকি, ভারতের নাগরিক নন এমন ব্যক্তি যদি ১২ মাসের মধ্যে ১৮২ দিন এ দেশে থাকেন, তবে তিনি আধার কার্ড পাওয়ার জন্য আবেদনের যোগ্য।
যদি সরকার কোনও ব্যক্তিকে অবৈধ অভিবাসী ঘোষণা না করে, তবে কী ভাবে তাঁর আধার আটকে দেওয়া যেতে পারে।








