
রেকর্ড গড়ে, ভেঙেও যায়। পৃথিবীর প্রায় প্রতিটি রেকর্ড কোনো না কোনো সময় ভেঙে গেছে। দৌড়বিদ উসাইন বোল্টের গতির বিশ্বরেকর্ড এতদিন মনে হচ্ছিল অক্ষুণ্ণই থেকে যাবে। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিয়ে অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন তরুণ স্প্রিন্টার গাউট গাউট।
২৩ বছর বয়সের আগে ২০০ মিটার দৌড়ে বোল্টের সেরা রেকর্ড ছিল ১৯.৯৩ সেকেন্ড। সেই রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সী গাউট গাউট। ফাইনালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ২০০ মিটার দৌড় শেষ করে ফেললেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে।বাতাসের সহায়তা ছাড়া এই প্রথম ২০ সেকেন্ডের কম সময় নিয়ে ২০০ মিটারে দৌড় শেষ করলেন গাউট। চলতি বছরে সারা বিশ্বেই সবচেয়ে কম সময়ে ২০০ মিটার শেষ করলেন তিনি। গত বছর ১৯.৮৪ সেকেন্ড সময় নেন তিনি, সেবার অবশ্য বাতাসের সহায়তা পান তিনি। উল্লেখ্য ২০২৪ সালে আলোচনায় আসেন গাউট। সেবার ১৬ বছর বয়সী কারও জন্য সবচেয়ে কম, ২০.০৬ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার শেষ করেন তিনি। এবার দারুণ কীর্তি গড়ার দিনে তিনি পেছনে ফেললেন অলিম্পিকে আটটি সোনা জয়ী বোল্টকে। ২০০৪ সালে জ্যামাইকান গতিতারকা সময় নেন ১৯.৯৩ সেকেন্ড। এর আগে,১৭ বছর বয়সে সেই সময়ের বিশ্ব জুনিয়র রেকর্ড গড়েন বোল্ট। টিনএজার হিসেবে এর চেয়ে কম সময়ে আর দৌড় শেষ করতে পারেননি তিনি। তবে পরবর্তীতে অনেকবারই এর চেয়ে কম সময় নেন তিনি।অনূর্ধ্ব-২০ কারও জন্য সবচেয়ে কম সময়ে ২০০ মিটার দৌড়ানোর কীর্তি ছিল আমেরিকার এরিয়ন নাইটনের। ২০২২ সালের ১৯.৬৯ সেকেন্ড সময় নেন তিনি। গাউট ছাড়িয়ে গেলেন তাকে।
তার পেছনে থেকে দ্বিতীয় হওয়া এইডেন মার্ফিও ২০ সেকেন্ডের কম সময় নেন। দৌড় শেষ করতে তার সময় লাগে ১৯.৮৮ সেকেন্ড। উল্লেখ্য,গাউটেরবাবা-মা দক্ষিণ সুদানের, জন্ম কুইন্সল্যান্ডে। তিনি অপেক্ষা করছিলেন এমন কিছুর জন্যই।
