
উত্তরাখণ্ডে তিন নাবালিকাকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী বিডিও বিরুদ্ধে। ইতিমধ্যে এক জনের মৃত্যু হয়েছে।
অন্য দুই কিশোরী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নৈনিতাল জেলার কোটাবাগ ব্লকে। অভিযুক্তের নাম ভূপেন্দ্র সিং। তিনি কোটাবাগের সহকারী ব্লক উন্নয়ন আধিকারিক হিসাবে কর্মরত। বুধবার কোটাবাগ থানার পুলিশ তাঁকে গ্রেফতারির খবর জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, কোটাবাগের নাথুনগর গ্রামের বাসিন্দা ১৭ বছরের কনক বোরা। বোন মাহি বোরাকে নিয়ে সে উত্তরায়নীর মেলা দেখতে গিয়েছিল। তাদের সঙ্গে ছিল ১৫ বছর বয়সি মমতা ভান্ডারিও। তিন নাবালিকা রাস্তা দিয়ে হেঁটে আসার সময়ে পিছন দিক থেকে তাদের ধাক্কা মারে এবিডিও-র গাড়ি।দুর্ঘটনার পরে তিন জনকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।
পরে সেখান থেকে তাদের পাঠানো হয় অন্য হাসপাতালে। সেখানে মাহিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।






