
রাজ্যের তথ্য কমিশনার পদে ডিজি রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারকে নিয়োগের অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের তথ্য কমিশনার পদে পুরুলিয়ার প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতোও মনোনীত হয়েছেন।
রাজ্যের তথ্য কমিশনার পদে রাজ্য সরকারের তরফে এই দুই জনের নামই রাজ্যপালের কাছে পাঠিয়েছিল। বুধবার রাজভবনের তরফে রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই নিয়োগের কথা জানিয়েছেন। নিয়ম অনুযায়ী তথ্য কমিশনারের নাম চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং স্পিকার। কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা।
অন্যদিকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল ২০২১ অফিসার অন স্পেশাল ডিউটি সহ দুটি বিলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। রাজভবনের তরফে জানানো হয়েছে রাজ্যপাল হাওড়া পুরসভা সংক্রান্ত বিল ছাড়াও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন বিল ২০১৮-য় সই করেছেন।








