
রাজ্যপাল শুধুমাত্র একটি রাজ্যের প্রতিনিধি বা কোনও বহিরাগত নন। বরং সমগ্র দেশের জনগণের ইচ্ছাশক্তিকে তিনি একা একটি রাজ্যের শুভাকাঙ্খী হিসাবে বহন করেন, শীর্ষ আদালতে একথা জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
তিনি আরও বলেছেন, ধারা ২০০ যা রাজ্যপালকে কোনও বিল পাশ করানোর ক্ষমতা দিয়ে থাকে এবং ধারা ২০১, যা রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাজ্যপালকে একটি বিল স্থগিতের ক্ষমতা দিয়ে থাকে, তাতে কোনও রকম বদল সংবিধান পুর্নলিখনের সমান।
তামিলনাড়ুর রাজ্যপাল নিয়ে করা মামলায় রাজ্যপাল ও রাষ্ট্রপতি কোনও বিলকে অনির্দিষ্টকালের জন্য তাদের কাছে রেখে দিতে পারে না বলেই মাস কয়েক আগে রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, একটি বিল কত দিনের মধ্যে পাশ, খারিজ বা বিবেচনার জন্য পাঠানো হবে, সেই নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। আর তাতেই আপত্তি কেন্দ্রের।
