
রাষ্ট্রায়াত্ব সংস্থা ওএনসিজির ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের ও বিক্রির অভিযোগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও বিপি এক্সপ্লোরেশানর বিরুদ্ধে ডিমান্ড নোটিস জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে প্রায় ২৫ হাজার কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
জানা গিয়েছে, ২০১৩ সালে কৃষ্ণা ও গোদাবরীর সমুদ্র বেসিন এলাকার ওএনজিসি -র ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অভিযোগ ওঠে রিলায়েন্স ও তার সহযোগী সংস্থার বিরুদ্ধে। এই ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করে কেন্দ্র। তবে সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় যায় রিলায়েন্সের পক্ষে। এর পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় কেন্দ্র।
১৪ ফেব্রুয়ারি সেই মামলায় দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাতিল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের পক্ষে রায় দেয়। অবৈধভাবে গ্যাস উত্তোলনে দোষী সাব্যস্ত রিলায়েন্সের কাছ থেকে ক্ষতিপূরণ ও সুদ বাবদ ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা কেন্দ্র আদায় করতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়।








