
দেশের প্রথম শস্য এটিএম চালু হয়েছে ওড়িশায়। ভুবনেশ্বরের মঞ্চেশ্বরে বসানো হয়েছে এই এটিএম।
রাজ্যের খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ক্রুশনাচন্দ্র পাত্র এটিএমের উদ্বোধন করেছেন। ২০ জুন মন্ত্রী ঘোষণা করেছিলেন এক সপ্তাহের মধ্যে শস্য এটিএম বসানো হবে। সেই সঙ্গে জানানো হয়, এই এটিএম থেকে রেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্ডও দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী, শস্য এটিএমের উদ্বোধন করেন মন্ত্রী।মন্ত্রীর কথায়, বর্তমানে ৫০ লাখেরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে। সেই সব কার্ডহোল্ডারকে চিহ্নিত করে গ্রাহকতালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। নতুন গ্রাহকদের নাম অন্তর্ভুক্ত করার কাজও চলবে পাশাপাশি। এই কাজ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ৩০টি জেলায় ধীরে ধীরে এই এটিএম বসানো হবে। নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে রেশন দোকানের দীর্ঘ লাইনের ছবিটাও বদলাবে মনে করছেন অনেকে।
