
নাবালিকা বৌমার প্রথম সন্তান মেয়ে হওয়ার রাগে আট দিন বয়সি নাতনির মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুমার বিরুদ্ধে। এমনই অভিযোগে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক প্রৌঢ়া।
রবিবার তাঁকে ঝাড়গ্রামে আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন আগে গোপীবল্লভপুর-২ ব্লকের বাসিন্দা দুই তরুণ-তরুণী বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন। প্রথমে পরিবার ওই যুগলের বিয়ে মানতে চায়নি। পরে অবশ্য শ্বশুরবাড়িতে ঠাঁই হয়। তার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়িতে প্রায়শই অপমানিত হতে হত বধূকে। সেই অত্যাচারের মাত্রা ছাড়াল দিন দশেক আগে, যখন মেয়েটি কন্যাসন্তানের জন্ম দেয়। অভিযোগ, গৃহকর্ত্রী নাতি চেয়েছিলেন। কিন্তু তা না হওয়ায় না মাত্র আট দিনের নাতনির মুখে বিষ দিয়ে দেন তিনি। শনিবার সকালে শিশুর মুখ থেকে গ্যাঁজলা বার হতে দেখে চিৎকার-চেঁচামেচি করে মা। প্রথমে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে।
কিন্তু তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকায় গোপীবল্লভপুর সু়পার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এখনও সঙ্কট কাটেনি।
