
ম্যানচেস্টার সিটি থেকে লিয়েনে এভারটনে খেলতে গিয়ে ক্যারিয়ারের সেরা সময়কে যেন ফিরিয়ে এনেছিলেন জ্যাক গ্রিলিশ। কিন্তু এই সুসময়েই হানা দিল পুরোনো আততায়ী।
চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন উইঙ্গার জ্যাক গ্রিলিশ। ১৮ জানুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়ের ম্যাচে চোট পান গ্রিলিশ। কদিন পর কোচ ডেভিড ময়েস আশঙ্কা প্রকাশ করে জানান, অস্ত্রোপচার লাগতে পারে তার দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারের। সেই আশঙ্কাই সত্যি হলো।অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৩০ বছর বয়সী ফুটবলার। সেখানেই জানিয়েছেন, এই সিজনে আর মাঠে নামতে পারবেন না।অস্ত্রোপচার হয়ে গেছে এবং পুরো মনোযোগ এখন ফিট হয়ে ওঠায়।
এদিকে ইংল্যান্ডের হয়ে এবারের বিশ্বকাপে খেলার যে সামান্য সম্ভাবনা তিনি জাগিয়েছিলেন এভারটনের হয়ে পারফরম্যান্সে, সেটিও শেষ হয়ে গেল এই অস্ত্রোপচারে। ২০২১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর তিনটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপসহ সাতটি ট্রফিজয়ী ফুটবলার দেশের জার্সিতে শেষ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে।
