
এবার সংসদেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সেই সঙ্গে বার্তাও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
যা স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। যদিও অনন্ত মহারাজের এই দাবিতে দল যে পাশে নেই, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির আর এক রাজ্যসভা সাংসদ তথা রাজ্যে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিজেপি বাংলা ভাগের নীতিতে বিশ্বাস করে না।দীর্ঘদিন ধরেই কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ।এবার রাজ্যসভায় কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গ্রেটার কোচবিহার ঘোষণার দাবি জানিয়েছেন অনন্ত মহারাজ। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গ ও অসমে কোচবিহারের অন্তর্ভুক্তিকে বেআইনি, অসাংবিধানিক এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেওয়া সিদ্ধান্ত বলে মনে করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এই সংগঠন চায়, পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে গ্রেটার কোচবিহার তৈরি হোক। ২০১৫ সাল থেকে এই দাবি তুলে আসছে সংগঠনটি। স্বাধীনতার পর কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হয়েছে, তা যাতে শোধরানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কাছে সেই দাবি করেছেন অনন্ত মহারাজ।








