
বিশ্বশান্তির জন্য আমেরিকার গ্রিনল্যান্ড দখল করা দরকার বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।এ বক্তব্যের মধ্যে দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডকে নিজের দেশের নিয়ন্ত্রণে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা আরো বাড়িয়ে তুললেন ট্রাম্প।হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকা নিজেদের জন্য শান্তির কথা বলছে না। বিশ্বশান্তির কথা বলা হচ্ছে।এদিকে, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, তার দেশ আর্কটিকে বিশ্ব নেতৃত্ব আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, এই অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। এর প্রমাণ হিসেবে তিনি প্রথমেই উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার কথা। তবে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে কোনো সমালোচনা করেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।অন্যদিকে,গ্রিনল্যান্ডের একটি আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্তারা। গ্রিনল্যান্ডবাসী এবং ডেনিশদের মধ্যে উত্তেজনার পর এই সফরের সময়সীমা কমিয়ে আনা হয়।পরামর্শ না করেই মূল ভ্রমণ পরিকল্পনা করায় গ্রিনল্যান্ডবাসী এবং ডেনিশরা ক্ষুব্ধ হয়েছিলেন।
পৌঁছানোর পরপরই ভ্যান্স ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজে বসেছিলেন এবং বলেছেন, আর্কটিক নিরাপত্তায় সত্যিই আগ্রহী আমেরিকা এবং যদি আমেরিকা এই অঞ্চলে নেতৃত্ব না নেয় তবে, চীন বা রাশিয়ার মতো শক্তিগুলো তা করবে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন,তাঁরা গ্রিনল্যান্ডের জনগণের সমালোচনা করছেন না। জেডি ভ্যান্স-র মনে হয়, তারা অসাধারণ মানুষ এবং এখানে তাদের অপার সম্ভাবনা রয়েছে। আমেরিকার সমালোচনা আসলে ডেনমার্কের নেতৃত্বের বিরুদ্ধে, যারা গ্রিনল্যান্ডে কম বিনিয়োগ করেছে ও সেখানকার নিরাপত্তায় কম নজর দিয়েছে। এটির অবশ্যই পরিবর্তন করতে হবে।







