
অশোক চক্র পাচ্ছেন শুভাংশু শুক্লা। অশোকচক্র-এর জন্য তাঁর নাম সুপারিশ করা হয়েছে।
সব ঠিক থাকলে আগামী কাল অর্থাৎ ২৬ জানুয়ারি তাঁকে ‘অশোকচক্র’ সম্মানে ভূষিত করতে পারে কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় তিনি। স্বদেশকে দেখেছেন পাখির চোখে। মহাকাশের চ্যালেঞ্জিং পরিস্থিতি শুধু দক্ষতার সঙ্গে সামলাননি, বিশ্ব মঞ্চে ভারতের নাম লিখে দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। গত বছরের ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন শুভাংশু। তাঁর সঙ্গে ছিলেন অ্যাক্সিয়ম-৪ মিশনের ক্রু-কম্যান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। ১৮ দিন পরে পৃথিবীর মাটিতে পা রাখেন শুভাংশুরা। প্রশান্ত মহাসাগরে জলে অবতরণ করে তাঁদের মহাকাশযান। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৬০টিরও বেশি পরীক্ষানিরীক্ষা করেছিলেন তাঁরা। পৃথিবীর মাটিতে পা দেওয়ার কয়েক দিনের মধ্যেই দিল্লিতে আসেন শুভাংশু শুক্লা । জাতীয় পতাকা, ফুল, মালায় তাঁকে স্বাগত জানান দেশবাসী। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের লোকজনও। দিল্লিতে নামার আগে বিমানে বসে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে লিখেছিলেন, ‘অভিযানের অনেককে ছেড়ে আসছি। মন খারাপ লাগছে। প্রথমবার দেশে ফিরছি। প্রিয়জনদের সঙ্গে দেখা হবে।
খুব ভালোও লাগছে। জীবন এমনই, সবকিছু একসঙ্গে উপহার দেয়।
