
চলতি সিজনের পরই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ পেপ গুয়ার্দিওলার। গুঞ্জন রয়েছে, ইংলিশ ক্লাবটি ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন তিনি। তবে সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন স্প্যানিশ কোচ।
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ অধ্যায় শেষে ২০১৬ সালে সিটিতে যোগ দেন গুয়ার্দিওলা। তার কোচিংয়ে গত ৭ সিজনে ছ’বার প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তোলে দলটি। শেষ চার সিজনে তো তারা চ্যাম্পিয়ন হয় টানা।অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি গুয়ার্দিওলার কোচিংয়েই জেতে সিটি। ২০২২-২৩ সিজনে ইউরোপ সেরা হওয়ার পাশাপাশি এফএ কাপ ও প্রিমিয়ার লিগ জিতে ট্রেবল জয়ের কীর্তি গড়ে দলটি।চুক্তি অনুযায়ী, ২০২৪-২৫ সিজনই সিটিতে গুয়ার্দিওলার শেষ। তার সঙ্গে নতুন চুক্তি করার কথা এখনও শোনা যায়নি। সংবাদ সম্মেলনে ক্লাবটি ছাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে ৫৩ বছর বয়সী কোচ পেপ গুয়ার্দিওলা বলেছেন, এই বিষয়ে ক্লাব ছাড়া নিয়ে কথা বলতে চান না। যখন এটা ঘটার, ঘটবে।উল্লেখ্য,ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নীতি ভঙ্গের ১১৫টি অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে শুনানি। খবর, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে লিগ থেকে অবনমন হতে পারে ম্যানচেস্টার সিটির, সঙ্গে আরও শাস্তি পেতে হতে পারে।কঠিন এই সময়ে ক্লাবের পাশে থাকার কথা বরাবরই বলে আসছেন গুয়ার্দিওলা। আরও একবার বললেন একই কথা।








