
কারাবাও কাপের ফাইনালে নতুন দলে যোগ দেওয়া ডিফেন্ডার মার্ক গুহিকে খেলানোর সুযোগ দিতে প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয়ের পর ইংলিশ ফুটবল লিগ ,ইএফএল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জানাতে ক্লাবকে অনুরোধ করেন তিনি।কারাবাও কাপের সেমিফাইনালে নিউক্যাসলের বিপক্ষে প্রথম লেগে ২-০ ব্যবধানে জয়ের পর ক্রিস্টাল প্যালেস থেকে ২৫ বছর বয়সী ইংলিশ সেন্টার-ব্যাক মার্ক গুহিকে দলে নিয়েছে সিটি। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে এই টুর্নামেন্টে খেলাতে হলে তাকে শীতকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে অথবা সেমিফাইনালের প্রথম লেগের আগেই দলে নিবন্ধিত হতে হয়।ফলে নিয়মের বেড়াজালে পড়ে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারেননি গুহি।আগামী ২২ মার্চ ওয়েম্বলিতে অনুষ্ঠেয় ফাইনালে আর্সেনালের বিপক্ষেও গুহির খেলা অনিশ্চিত।উল্লেখ্য, চলতি সিজনেই কারাবাও কাপে একটি নিয়ম পরিবর্তনের সুবিধা পেয়েছে ক্লাবগুলো।
আগে যেখানে কাপ-টাইড নিয়মের কারণে কোনো খেলোয়াড় একই সিজনে দু’ দলের হয়ে খেলতে পারত না, সেখানে এখন সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।








