
ভয় দেখিয়ে ফ্ল্যাটে ডেকে দিনের পর দিন নাবালিকা কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাগপুরের এক গিটার শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষক সাগর সিং ওরফে রাজুভাও-কে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ বছরের ওই কিশোরীকে বন্দুক, ধারালো অস্ত্র দেখিয়ে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। মাস দুয়েক অত্যাচারের পর মাকে ঘটনার কথা জানায় ওই নাবালিকা।
তার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। এর পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি থেকে ধারালো অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে পুলিশের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গিটার শিক্ষক বিবাহিত। মাস দুয়েক আগে তাঁর গিটার ক্লাসে ভর্তি হয়েছিল ওই নাবালিকা। এর পর গিটার ক্লাসেই কিশোরীর গায়ে নানা অছিলায় হাত বোলাচ্ছিলেন বলে অভিযোগ। সে সময় নিজের জিনিস ফেলে রেখেই ক্লাস থেকে বাড়ি চলে যায় নাবালিকা।
এর পর ২৩ জুলাই নাবালিকাকে ফোন করেন অভিযুক্ত এবং তাঁর ফ্ল্যাটে আসতে বলেন। নাবালিকা না এলে তাঁর বাবা-মাকে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সে দিন ফ্ল্যাটে আসার পর নাবালিকার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এর পর বেশ কয়েক বার নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।









