
এসআই অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন বিমল গুরুং। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
২০১৭-য় গোর্খাল্যান্ড ইস্যুতে বিমল গুরুংয়ের নেতৃত্বে উত্তপ্ত হয়েছিল পাহাড়। তখন বিমল গুরুংকে ধরতে বিশাল পুলিশবাহিনী দার্জিলিং সদর থানা এলাকায় এক গোপন ডেরায় হানা দেয়। এরপরেই দুইপক্ষের গুলিবিনিময় চলে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এসআই অমিতাভ মালিকের। পরবর্তীকালে তদন্তভার নেয় সিআইডি। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন বিমল গুরুং। মোর্চা প্রধান বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলাও করেছিল রাজ্য। সেই মামলাতেই জামিন পেলেন বিমল গুরুং।
সেই সময় স্বামীর মৃতদেহ আঁকড়ে স্ত্রী বিউটি মালিকের কান্না সাড়া ফেলেছিল রাজ্যে। পরবর্তীকালে বিউটি মালিকের হাতে স্বামীর সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
