
দিল্লির অভিজাত এলাকায় জিমের মালিককে গুলি করে খুনের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। আর এই খুনে জড়িত সন্দেহে উঠে এসেছে রোহিত গোদারার নাম। যিনি বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম নাদির শাহ। এক জিমের বাইরে দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন আর একজনের সঙ্গে। সেই সময়ই সেখানে উপস্থিত হয় আততায়ী। তারপর বন্দুক বের করে পর পর গুলি চালাতে থাকে। চার থেকে পাঁচটি গুলি লাগে নাদির শাহের শরীরে। পরে হাসপাতালে তিনি মারা যান। এদিকে গুলি চালিয়ে একটি বাইকে করে চম্পট দিতে দেখা যায় আততায়ীকে। পুলিশের সন্দেহ, সম্ভবত ওই এলাকায় কোনও গ্যাংওয়ার চলছিল।অন্যদিকে, সোশাল মিডিয়ায় এই খুনের দায়স্বীকার করেছে রোহিত গোদারা। একই সঙ্গে এই মাসে কানাডার ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এ পি ধিঁলোর বাড়ির বাইরে হওয়া হামলার দায়ও নিজের কাঁধে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, রোহিত গোদারা আমেরিকায় থাকেন। গত দু-তিন বছর ধরেই তিনি আত্মগোপন করে রয়েছে।









