
অভিনেত্রী ও ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের নিশানায় পরিণত হয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। সংসদের ভেতরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তিকে কেন্দ্র করে রাহুলকে এক হাত নিয়েছেন অভিনেত্রী।
ওই ঘটনায় সংসদের মধ্যেই বিজেপির সংসদ সদস্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হন। ষড়ঙ্গীর অভিযোগ, সংসদ ভবনের মকর দ্বারের সামনে তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাহুল গান্ধী। এই বিষয়ে এবার মুখ খুলেছেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা।রাহুলকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন কঙ্গনা রানাউত। তিনি বলেছেন, খুব লজ্জাজনক ঘটনা। একজন সাংসদের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। কংগ্রেসের সহিংসতা সংসদ পর্যন্ত পৌঁছে গেছে।এমনকি রাহুলকে ‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, রাহুল নাকি সাংসদে এসেও নিজের পেশির জোর দেখান।কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, সংসদে বিজেপির সংসদ সদস্যের উপর রাহুল গান্ধী হামলা করেছেন।এই লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনও জিম ট্রেনার। এবার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনও সম্মান নেই।উল্লেখ্য,ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেডকর-মন্তব্য থেকে।
ঘটনায় মাথায় চোট পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সাংসদ এবং লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পরে ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল গান্ধী। তার পর আহত সংসদ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়।
