
শুল্কনীতি আগেই ধাক্কা খেয়েছে। এ বার এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল ডোনাল্ড ট্রাম্প-র নেতৃত্বাধীন প্রশাসন, তা বেআইনি।
৪২ পাতার এক রায়ে এমনটাই জানিয়েছে আমেরিকার আদালত। এইচ-১বি ভিসার জন্য ডোনাল্ড ট্রাম্পের চাপানো ওই শর্তকে বাতিল করে দিয়েছেন বিচারক। এইচ-১বি হল আমেরিকার একটি অ-অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িক ভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে এই ভিসা-নিয়মে কড়াকড়ি চালু করেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, ভিন্দেশের কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এইচ-১বি ভিসার আবেদনের সময়ে এক লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় ৯৫ লক্ষ টাকারও বেশি জমা দিতে হবে মার্কিন সংস্থাগুলিকে।
তার বিরুদ্ধে মামলা হয়েছিল আমেরিকার বস্টনে এক ফেডারেল কোর্টে। এ বার সেই আদালত বাতিল করে দিল ডোনাল্ড ট্রাম্পের চাপানো এইচ-১বি ভিসার শর্ত।
